এবার আজারবাইজানে ড্রোন হামলা চালালো ইরান, আহত ২

মধ্যপ্রাচ্যের সংঘাতের আঁচ এবার প্রতিবেশী আজারবাইজানেও গিয়ে পৌঁছাল। আজারবাইজানের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এবং একটি স্কুলের কাছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় অন্তত দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

আজারবাইজান কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন আজারবাইজানের আকাশসীমা লঙ্ঘন করে ভেতরে ঢুকে পড়ে। এর মধ্যে একটি ড্রোন নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে সরাসরি আঘাত হানে। অন্য একটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি স্কুল ভবনের পাশে বিধ্বস্ত হয়। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

এদিকে, একই দিনে পারস্য উপসাগরের উত্তর অংশে একটি মার্কিন তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে এই হামলা চালানো হয়।

আইআরজিসি এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর কোনো সামরিক বা বাণিজ্যিক জাহাজকে এই সমুদ্রপথ ব্যবহার করতে দেওয়া হবে না। যদি কোনো জাহাজ এই পথে দেখা যায়, তবে সেটির ওপর হামলা চালানো হবে।’