প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ জানালো অস্ট্রেলিয়া

শাওয়াল মাসের চাঁদ দেখার আগেই বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামী ২০ মার্চ (শুক্রবার) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (১৪ মার্চ) অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমামস কাউন্সিল এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

কাউন্সিলের বিবৃতিতে জানানো হয়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল, জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ দেখার দায়িত্বপ্রাপ্ত বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর দেওয়া তথ্য ও তথ্যচিত্র পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ১৯ মার্চ (বৃহস্পতিবার) হবে রমজান মাসের শেষ দিন। অর্থাৎ অস্ট্রেলিয়ায় বসবাসরত মুসলমানরা এবার ৩০টি রোজা পূর্ণ করবেন।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি এবং ফতোয়া কাউন্সিল জানিয়েছেন, সূর্যাস্তের আগে সুনির্দিষ্ট জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে চাঁদের জন্ম হওয়া, সূর্যাস্তের পর আকাশে তার অবস্থান এবং দৃশ্যমান থাকার সময়কাল বিশ্লেষণ করে ঈদের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। এই পদ্ধতিটি বিশ্বের বিভিন্ন স্বীকৃত বৈজ্ঞানিক ও ফিকহভিত্তিক পরিষদ এবং আন্তর্জাতিক ইসলামি সংস্থাগুলোও অনুসরণ করে থাকে।

উল্লেখ্য, সাধারণত মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের তারিখ নির্ধারিত হলেও অস্ট্রেলিয়া অনেক আগে থেকেই বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগাম তারিখ ঘোষণা করে আসছে।