মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বেইজিং সফর চলতি মাসের শেষ দিকে এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক নিয়ে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে চীন।
সোমবার (১৬ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ধারণা করা হচ্ছে, সম্ভাব্য এই বৈঠকে বাণিজ্য ইস্যুই প্রধান আলোচ্য বিষয় হবে।
তবে সফরের আগে প্রেসিডেন্ট ট্রাম্প শর্ত দিয়েছেন—বেইজিং যদি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সহায়তা না করে, তাহলে তিনি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক স্থগিত করতে পারেন। এমনকি তার এই অনুরোধ না মানলে তা চীনের মিত্র এবং ন্যাটোভুক্ত দেশগুলোর ভবিষ্যতের জন্যও নেতিবাচক হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য চীন সফর নিয়ে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে।
তিনি বলেন, চীন–মার্কিন সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত নির্দেশকের ভূমিকা পালন করে।
তবে ন্যাটো বা চীনের ওপর ট্রাম্পের চাপ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি লিন জিয়ান। হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য পথ এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি করছে।
ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্প ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চীন সফর করতে পারেন। তবে বেইজিং এখনো আনুষ্ঠানিকভাবে এই তারিখ নিশ্চিত করেনি। সফরের প্রস্তুতির অংশ হিসেবে গত সপ্তাহে প্যারিসে দুই দেশের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা বৈঠক করেছেন।