ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে প্রতি বুধবার সরকারি অফিস, বিশ্ববিদ্যালয় ও স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
জ্বালানি তেলের 'প্যানিক বায়িং' বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা রোধে দেশজুড়ে কঠোর রেশনিং ব্যবস্থা চালুর একদিন পরই এই নতুন সিদ্ধান্ত নিল লঙ্কান সরকার।
এর আগে গত ৬ মার্চ বাংলাদেশেও প্রায় একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। জ্বালানি তেলের মজুত নিয়ে গুজব ও আতঙ্কিত হয়ে তেল কেনার খবরের প্রেক্ষাপটে সে সময় বাংলাদেশেও দৈনিক জ্বালানি বিক্রির সীমা বেঁধে দেওয়া হয়।
এর আগে ২০২২ সালে শ্রীলঙ্কায় ভয়াবহ জ্বালানি সংকট দেখা গিয়েছিল। সে সময় দেশটিতে কয়েক মাস ধরে চলা জ্বালানি ঘাটতি ব্যাপক জনবিক্ষোভের জন্ম দিয়েছিল। ওই আন্দোলনের মুখে শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হয় দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে।
১৯৪৮ সালে স্বাধীনতার পর শ্রীলঙ্কা যে ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছিল, সে জন্য গোতাবায়াকেই ব্যাপকভাবে দায়ী করা হয়।