এবার দক্ষিণ লেবাননে উচ্ছেদ আদেশ ইসরায়েলের

দক্ষিণ লেবাননের আরও চারটি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে পালানোর নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। নির্দেশে খিরবেত সেলম, বেইত ইয়াহুন, সারাফান্দ এবং দেইর কানুন এন-নাহর গ্রামের বাসিন্দাদের ‘অবিলম্বে ঘর ছেড়ে জাহরানি নদীর উত্তরে’ চলে যেতে বলা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচাই আদরায়ী এ নির্দেশ দেন।

ইসরায়েলি বাহিনীর দাবি, ওই গ্রামগুলোতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। এর আগে ইসরায়েলি উচ্ছেদ আদেশের সীমা লিতানি নদী পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও, এখন তা সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে জাহরানি নদী পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। এর মাধ্যমে ইসরায়েল দক্ষিণ লেবাননের আরও গভীরে তাদের সামরিক অভিযান সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (NRC) তথ্যমতে, ইসরায়েলের এই ব্যাপক উচ্ছেদ আদেশের আওতায় এখন লেবাননের প্রায় ১,৪৭০ বর্গকিলোমিটার এলাকা অন্তর্ভুক্ত হয়েছে। এটি পুরো দেশের মোট ভূখণ্ডের প্রায় ১৪ শতাংশ। এই আদেশের ফলে হাজার হাজার মানুষ নতুন করে বাস্তুচ্যুত হওয়ার মুখে পড়েছেন, যা লেবাননে চলমান মানবিক সংকটকে আরও তীব্র করে তুলেছে। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই গণ-উচ্ছেদকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সূত্র: আলজাজিরা