অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ক্রমবর্ধমান সহিংসতায় দশ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।
মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত এক বছরে অন্তত ৩৬,০০০ ফিলিস্তিনিকে তাদের ভিটেমাটি থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ১২ মাসে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও বসতি স্থাপনকারীদের (settlers) হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই সময়ে ১,৭৩২টি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও ফসলি জমি ধ্বংস, ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিক হেনস্তা। বিশেষ করে ২০২৫ সালের জলপাই সংগ্রহের মৌসুমে গত কয়েক দশকের মধ্যে ভয়াবহতম হামলা চালানো হয়েছে। মাত্র এক মাসে ১৩১ জন ফিলিস্তিনি এসব হামলায় আহত হয়েছেন, যা ২০০৬ সালের পর সর্বোচ্চ।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সতর্ক করে বলেছেন, গাজা ও পশ্চিম তীরের এই গণ-বাস্তুচ্যুতি ইসরায়েলের একটি পরিকল্পিত ‘জাতিগত নির্মূল’ (Ethnic Cleansing) নীতির ইঙ্গিত দেয়। প্রতিবেদনে আরও জানানো হয়, পূর্ব জেরুজালেমে প্রায় ৩৭,০০০ এবং পশ্চিম তীরের অন্যান্য অংশে ২৭,০০০ নতুন আবাসন ইউনিটের অনুমোদন দিয়েছে ইসরায়েল, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। জাতিসংঘ অবিলম্বে এই বসতি স্থাপন বন্ধ এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি