পারস্য উপসাগরের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের সঙ্গে যুক্ত ইরানের প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে গণহত্যাকারী ইসরায়েল। এ ঘটনায় প্রতিবেশীসহ তেহরানের মিত্ররা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, ‘ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের সঙ্গে যুক্ত স্থাপনাগুলোতে ইসরায়েলি এই হামলা—যা কাতারের নর্থ ফিল্ডের একটি বর্ধিত অংশ—অঞ্চলে বর্তমান সামরিক উত্তেজনার মধ্যে একটি বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।’
তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার পাশাপাশি এ অঞ্চলের জনগণ ও পরিবেশের জন্য একটি বড় হুমকি।’
আল-আনসারি আরও বলেন, ‘আমরা বারবার যা জোর দিয়ে বলে আসছি, আবারও সেই একই কথা বলছি—গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা এড়ানো অত্যন্ত জরুরি। আমরা সব পক্ষকে সংযম প্রদর্শন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে উত্তেজনা প্রশমনে কাজ করার আহ্বান জানাই।’ সূত্র: আলজাজিরা।