মার্কিন চাপের মুখে স্বস্তি

জ্বালানি সংকটে কিউবার আশার আলো রাশিয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞা ও তীব্র জ্বালানি সংকটের মুখে থাকা দ্বীপরাষ্ট্র কিউবার জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। দীর্ঘ তিন মাস পর দেশটিতে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস নিয়ে রাশিয়ার দুটি বিশাল জাহাজ কিউবায় যাচ্ছে। 

বুধবার (১৮ মার্চ) ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মেরিটাইম ইন্টেলিজেন্স সংস্থা ‘ট্যাঙ্কার ট্র্যাকার্স ডটকম’-এর তথ্য অনুযায়ী, ২৭ হাজার টন রুশ গ্যাস নিয়ে হংকংয়ের পতাকাবাহী একটি জাহাজ আগামী সোমবার কিউবায় পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া প্রায় ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী রাশিয়ার পতাকাবাহী একটি বড় ট্যাঙ্কার আগামী ৪ এপ্রিল কিউবার বন্দরে নোঙর করবে।

গত তিন মাস ধরে কিউবা কোনো ধরণের আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ না পাওয়ায় দেশটি ভয়াবহ বিদ্যুৎ সংকটে ভুগছে। নিয়মিত লোডশেডিংয়ের কারণে জনজীবন ও অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিউবার ওপর নিষেধাজ্ঞার ফাঁস আরও শক্ত করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কিউবার প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ ছিল ভেনেজুয়েলা। কিন্তু গত জানুয়ারি মাসে মার্কিন নেতৃত্বাধীন এক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার ও প্রত্যর্পণের শিকার হওয়ার পর সেখান থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর ট্রাম্প প্রশাসন অন্যান্য তেল সরবরাহকারী দেশগুলোর ওপরও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দেওয়ায় কোনো দেশ কিউবাকে জ্বালানি দিতে সাহস করছিল না।

বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই পদক্ষেপ কিউবার ভেঙে পড়া অর্থনীতিকে সচল করতে বড় ভূমিকা রাখবে। তবে এর ফলে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে স্নায়ুযুদ্ধ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।