ইরানে যুদ্ধ চালাতে ২০০০০ কোটি ডলার চেয়েছে যুক্তরাষ্ট্র

আমেরিকার প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন ইরান যুদ্ধের অর্থায়নের জন্য মার্কিন কংগ্রেসে ২০০০০ কোটি ডলার চেয়েছে। অবশ্য কারণ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ‘অনেকগুলো বিষয়ে’ এই তহবিল প্রয়োজন।

ইরান যুদ্ধে শুধু প্রথম সপ্তাহের হামলাতেই খরচ হয়েছে প্রায় ১১ বিলিয়ন ডলার। এ যুদ্ধ চালিয়ে যেতে এখন বিপুল অঙ্ক চেয়েছে পেন্টাগন। এই অঙ্কটা আরও বাড়তে পারে, এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, ‘এই অঙ্ক পরিবর্তন হতে পারে কারণ খারাপ লোকদের মারতে অর্থ লাগে।’ 

তবে এই অঙ্ক পাস করাতে হলে ট্রাম্পকে তার নিজের দলের বিরুদ্ধেই লড়তে হবে। কারণ তার দল রিপাবলিকানদের অনেকেই এই বিষয়ে রাজি নন। 

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী রিপাবলিকান প্রতিনিধি লরেন বোবার্ট সিএনএনকে বললেন, ‘আমি না। আমি ইতোমধ্যে নেতৃত্বকে জানিয়েছি। যেকোনো যুদ্ধ সাপ্লিমেন্টালে আমি না। ওখানে অর্থ ব্যয় করতে ক্লান্ত। কলোরাডোতে আমার ভোটাররা টিকে থাকতে পারছেন না। এখন আমেরিকা ফার্স্ট নীতি দরকার।’

টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি চিপ রয় বললেন, ‘আমরা কী করছি? স্থলসেনার কথা বলা হচ্ছে। এই ধরনের দীর্ঘমেয়াদি কার্যক্রমের কথা বলা হচ্ছে। এখন আমরা সম্পূর্ণ ভিন্ন এলাকায় চলে এসেছি। কীভাবে অর্থ দেওয়া হবে এবং মিশন কী — এই বিষয়ে অনেক বেশি ব্রিফিং ও ব্যাখ্যা দিতে হবে।’

কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি থমাস মাসি যোগ করলেন, ‘প্রশ্ন উঠছে, তারা কতদিন থাকার পরিকল্পনা করছেন? লক্ষ্য কী? এটা কি প্রথম ২০০ বিলিয়ন? এটা কি এক ট্রিলিয়নে পরিণত হবে?’

মধ্যমপন্থী সিনেটর লিসা মুরকাউস্কি বললেন, ‘আলাস্কার মানুষ আমাকে জিজ্ঞেস করছেন এটা কতদিন চলবে? কি স্থলসেনা যাবে? কত খরচ হবে? এর বেশিরভাগের উত্তর আমি জানি না।’

স্থলসেনা মোতায়েনের প্রশ্নটি রিপাবলিকানদের বিশেষভাবে উদ্বিগ্ন করছে। সাবেক নেভি সিল ও রিপাবলিকান প্রতিনিধি ডেরিক ভ্যান অর্ডেন সরাসরি জানালেন প্রশাসনকে স্থলসেনার বিরুদ্ধে পরামর্শ দিয়েছেন।

টেনেসির রিপাবলিকান প্রতিনিধি টিম বার্চেট বললেন, ‘যত দ্রুত সম্ভব বেরিয়ে আসার কৌশল খুঁজতে হবে। যেকোনো অবস্থায় আমেরিকানদের সেখানে পাঠাতে চাই না।’

হাউস স্পিকার মাইক জনসন বৃহস্পতিবার বললেন মিশন ‘খুব শিগগিরই’ শেষ হবে। তবে স্বীকার করলেন হরমুজ প্রণালী বন্ধ থাকা ‘একটু টেনে ধরছে।’

সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন বললেন, এটা পাস হবে কি না ‘সেটা দেখার বিষয়।’ ফিলিবাস্টার এড়াতে কিছু ডেমোক্র্যাটিক ভোটও লাগবে।

রিপাবলিকানরা এখন উদ্বিগ্ন যে দীর্ঘমেয়াদি যুদ্ধ ও বাড়তে থাকা জ্বালানি মূল্য মধ্যবর্তী নির্বাচনে তাদের ক্ষতি করবে।

ডেলাওয়্যারের ডোভার এয়ারফোর্স বেসে কুয়েতে নিহত ছয় সেনার মরদেহ গ্রহণে উপস্থিত ছিলেন রিপাবলিকান প্রতিনিধি মাইক ফ্লাড। তিনি বললেন, ‘সবাই চাইছে এটা শেষ হোক। পরিবারগুলো যে কষ্টে আছেন, তা আর দেখতে চাই না।’