মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই।’
বৃহস্পতিবার (১৯ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এই অঞ্চলে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি কোথাও সেনা মোতায়েন করছি না। যদি করতামও, তা অবশ্যই আপনাদের জানাতাম না। তবে আমরা এখন সেনা পাঠাচ্ছি না। আমরা কেবল প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেব।’
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি’র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এদিকে, পেন্টাগন ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই সংঘাত মোকাবিলায় বড় অঙ্কের তহবিল চাওয়া হতে পারে।’
এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের আরও অর্থের প্রয়োজন রয়েছে।’
এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের জানান, ইরান পরিস্থিতি মোকাবিলায় কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চাওয়া হবে। সূত্র: রয়টার্স।