ইরানে একটি যুদ্ধ অভিযান পরিচালনা করার পর মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের একটি F-35 স্টিলথ ফাইটার জেট। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স নিশ্চিত করেছেন যে, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলট সুস্থ আছেন। বর্তমানে এই ঘটনার তদন্ত চলছে।
সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১০০ মিলিয়ন ডলার মূল্যের এই অত্যাধুনিক বিমানটি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) দাবি করেছে যে তারা একটি মার্কিন বিমানে সফলভাবে আঘাত হেনেছে। তবে যান্ত্রিক ত্রুটি নাকি শত্রুপক্ষের হামলা- ঠিক কী কারণে এই জরুরি অবতরণ, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি যুক্তরাষ্ট্র।
২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে এ পর্যন্ত প্রায় ১২টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ধ্বংস হয়েছে। এছাড়া সৌদি আরবে একটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের পাঁচটি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। উল্লেখ্য যে, এর আগে কোনো F-35 যুদ্ধবিমান সরাসরি শত্রুপক্ষের গুলিতে আক্রান্ত হওয়ার নজির নেই।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং নৌবহর ধ্বংস করার লক্ষ্যে তাদের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইরানে ১,৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং অন্তত ১৩ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভিযানের কোনো নির্দিষ্ট সময়সীমা এখনো নির্ধারিত হয়নি।