লেবানন দখলের ডাক, ইসরায়েলি হামলায় বাড়ছে মানবিক বিপর্যয়

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে ওই এলাকা স্থায়ীভাবে দখলের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। 

সোমবার (২৩ মার্চ) এক রেডিও সাক্ষাৎকারে তিনি বলেন, লিটানি নদীই হওয়া উচিত 'ইসরায়েলের নতুন সীমান্ত'। সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার ভেতরে অবস্থিত এই কৌশলগত নদী পর্যন্ত এলাকাটি ইসরায়েলের অন্তর্ভুক্ত করার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি টানার দাবি জানান তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহর রকেট হামলার জবাবে মার্চ মাসের শুরু থেকে লেবাননে ব্যাপক বিমান ও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। বর্তমানে এই সংঘাত চরম আকার ধারণ করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১১৮ জন শিশুসহ অন্তত ১,০৩৯ জন নিহত এবং ২,৮৭৬ জন আহত হয়েছেন।

জাতিসংঘের মতে, এই যুদ্ধের ফলে লেবাননের প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগের এক ভাগ। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ব্রিজ, জ্বালানি স্টেশন এবং ঘরবাড়ি ধ্বংস করে এলাকাটিকে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন করার কৌশল নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, লেবাননের স্বাস্থ্যসেবা কেন্দ্রে অন্তত ৬৪টি হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। হিজবুল্লাহও পাল্টা রকেট হামলা ও স্থলপথে ইসরায়েলি সেনাদের সাথে লড়াই অব্যাহত রেখেছে, যা পুরো অঞ্চলকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।