হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান ইইউ প্রধানের

অবরুদ্ধ হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দেওয়া এবং যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্রুত আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। মঙ্গলবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে তিনি এই জরুরি তাগিদ দেন।

উরসুলা ফন ডার লিয়েন বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথটি বন্ধ করে দেওয়ার যে কোনো প্রচেষ্টা অগ্রহণযোগ্য এবং তা অবশ্যই ‘নিন্দনীয়’। বিশ্ব অর্থনীতিতে ক্রমবর্ধমান অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থার বিপর্যয় ঠেকাতে এই যুদ্ধের অবসান এখন অপরিহার্য হয়ে পড়েছে।

তিনি সরাসরি ইরানকে লক্ষ্য করে বলেন, ‘ইরানকে অবিলম্বে সব ধরণের হুমকি বন্ধ করতে হবে। সমুদ্রে মাইন বিছানো, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার সকল প্রচেষ্টা বন্ধ করা জরুরি।’

জ্বালানি সংকটের প্রভাব সম্পর্কে ইইউ প্রধান বলেন, ‘মধ্যপ্রাচ্যের এই সংঘাতের ফলে আমরা সবাই বিশ্বজুড়ে গ্যাস ও তেলের দাম বাড়ার নেতিবাচক প্রভাব টের পাচ্ছি। এই পরিস্থিতির উত্তরণ এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানে পৌঁছানো এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে।