ভারতীয় যোগগুরু রামদেব

মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধাপরাধী

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনকে যুদ্ধাপরাধ আখ্যায়িত করেছেন ভারতীয় যোগগুরু রামদেব। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ হলেও ইরানকে হারানো সম্ভব নয়। তার দাবি, ইরানের মানুষের বিশ্বাস ও আদর্শ এত শক্তিশালী যে, তা কোনো সামরিক শক্তি ভাঙতে পারবে না।

শনিবার (২৮ মার্চ) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি একটি সংবাদ চ্যানেলের অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন রামদেব। এ সময় তিনি আরো বলেন, কারো শরীরকে হত্যা করা সম্ভব হলেও তার আদর্শ বা আত্মসম্মানকে হত্যা করা যায় না।

এ প্রসঙ্গে তিনি আয়াতুল্লাহ আলি খামেনির কথাও উল্লেখ করেন। তার মতে, ইরানের কোটি কোটি মানুষ খামেনির চিন্তাধারা বিশ্বাস করে এবং সেই বিশ্বাসকে সহজে ভাঙা যাবে না।

সাক্ষাৎকারে তিনি আরো বলেন, পশ্চিম এশিয়ার সঙ্ঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ভূমিকা নিচ্ছে।

তার অভিযোগ, এই দুই দেশ যুদ্ধের মাধ্যমে মানবতা ও প্রকৃতির বিরুদ্ধে অপরাধ করছে।

এমনকি তিনি বলেন, এই যুদ্ধের ফল ভবিষ্যতে বহু বছর ধরে বিশ্বকে ভোগ করতে হবে।

তবে এই মন্তব্যের কারণে নতুন বিতর্কও শুরু হয়েছে। কারণ, অতীতে মুসলিম সম্প্রদায় নিয়ে রামদেবের বেশকিছু বিতর্কিত মন্তব্য সামনে এসেছে। ২০২৩ সালে তিনি বলেছিলেন, কিছু মানুষ নামাজ পড়লেও সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে।

তার এমন মন্তব্যের জন্য ব্যাপক সমালোচনা হয় সে সময়। আবার অন্য এক বক্তব্যে তিনি দাবি করেছিলেন, মুসলিম সমাজে বহু বিবাহ ও নারীদের পোশাক নিয়ে সমস্যা রয়েছে। এসব মন্তব্যকে ঘিরে বিভিন্ন মুসলিম সংগঠন তীব্র প্রতিবাদও জানায়।

সেই প্রেক্ষাপটে অনেকের মতে, এবার ইরানের প্রশংসা করে রামদেব একেবারে ভিন্ন সুরে কথা বললেন। 

সমালোচকদের প্রশ্ন, মুসলিমদের নিয়ে অতীতে কঠোর মন্তব্য করা এই যোগগুরুর হঠাৎ এই অবস্থান পরিবর্তনের পেছনে কী কারণ রয়েছে। তাই তার এই নতুন মন্তব্যকে অনেকেই রাজনৈতিক অবস্থান বদলের ইঙ্গিত বলেও মনে করছেন। সূত্র : পুবের কলম