পরমাণু অস্ত্র না ছাড়লে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

ইরান যদি তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করে, তবে দেশটি তার অস্তিত্ব হারাবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোরস ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি ইরান ইস্যুতে অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেন যে, তিনি কোনোভাবেই ইরানকে পারমাণবিক শক্তির অধিকারী হতে দেবেন না। বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি দাবি করেন, ইরান এখন চরম বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। 

ট্রাম্পের ভাষায়, তারা বর্তমানে প্রায় ধ্বংস হয়ে গেছে। তারা পরমাণু অস্ত্র ত্যাগ করতে বাধ্য হবে। তারা আমাদের কাছে তাদের পারমাণবিক ধূলিকণা পর্যন্ত হস্তান্তর করবে এবং আমরা যা চাই তার সবটুকুই তারা করবে।"

ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চলে, তবে তারা আবারও একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার সুযোগ পাবে। কিন্তু শর্ত অমান্য করলে পরিণাম হবে ভয়াবহ। তিনি সতর্ক করে বলেন, "তারা যদি সেটা না করে, তবে তাদের কোনো দেশ থাকবে না। এমনকি তাদের অস্তিত্বও টিকে থাকবে না।"

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য ইরানের ওপর 'সর্বোচ্চ চাপ' প্রয়োগের কৌশলেরই অংশ। তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং একটি কঠোর চুক্তিতে বাধ্য করতেই তিনি এই ধরনের চরম হুঁশিয়ারি দিচ্ছেন। তবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।