যুদ্ধবিধ্বস্ত বিশ্বে দালাই লামার শান্তির বার্তা

বিশ্বজুড়ে চলমান সংঘাত ও সহিংসতা বন্ধের আকুল আবেদন জানিয়েছেন তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংলাপ ও কূটনীতির মাধ্যমে স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক চিঠিতে ৯০ বছর বয়সী এই ধর্মগুরু, পোপ লিও চতুর্দশের শান্তির আহ্বানের প্রতি পূর্ণ সমর্থন জানান।

তিনি বলেন, “ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে যে সহিংসতা কেবল আরও সহিংসতার জন্ম দেয় এবং এটি শান্তির জন্য কখনোই একটি স্থায়ী ভিত্তি হতে পারে না।”

শান্তিতে নোবেল জয়ী এই নেতা আরও যোগ করেন, “মধ্যপ্রাচ্য বা রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাতসহ অন্যান্য সংঘাতের একটি স্থায়ী সমাধান অবশ্যই সংলাপ, কূটনীতি এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে হতে হবে– এই উপলব্ধির সাথে যে, গভীরতম স্তরে আমরা সবাই ভাই ও বোন। আমি আহ্বান জানাই এবং প্রার্থনা করি যেন এই সহিংসতা ও সংঘাতের শীঘ্রই অবসান ঘটে।”