যুদ্ধের প্রভাবে ভারতে বোতলজাত পানি ও বিয়ারের দাম বৃদ্ধির আশঙ্কা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভারতে বোতলজাত পানি এবং বিয়ারের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং কাঁচামালের সংকটের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ভারতের বোতলজাত পানির বাজারের শীর্ষস্থানীয় কোম্পানি বিসলেরি গত মাসে তাদের পণ্যের দাম ১১ শতাংশ বাড়িয়েছে। এছাড়া বেইলি এবং ক্লিয়ার প্রিমিয়াম ওয়াটারের মতো ব্র্যান্ডগুলোও দাম বৃদ্ধি করেছে। ভারতে প্রায় ১৫ শতাংশ শহুরে পরিবার পানীয় জলের জন্য বোতলজাত পানির ওপর নির্ভরশীল। গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

মহারাষ্ট্রের বোতলজাত পানি উৎপাদনকারী সমিতির সভাপতি বিজয়সিং ডাব্বল জানান, প্লাস্টিকের বোতল তৈরির প্রধান কাঁচামাল 'পেট রেজিন' অপরিশোধিত তেল থেকে তৈরি হয়। যুদ্ধের কারণে তেলের দাম বাড়ায় বোতল তৈরির উপাদানের দাম কেজি প্রতি ১১৫ রুপি থেকে বেড়ে ১৮০ রুপি হয়েছে। এর ফলে মহারাষ্ট্রের প্রায় ২০ শতাংশ বোতল উৎপাদনকারী কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

যুদ্ধের প্রভাবে শুধু প্লাস্টিক নয়, কাঁচের বোতলের দামও প্রায় ২০ শতাংশ বেড়েছে। ব্রুয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের কাছে বিয়ারের দাম ১২-১৫ শতাংশ বাড়ানোর আবেদন জানিয়েছে। কাঁচ তৈরির চুল্লি চালাতে প্রাকৃতিক গ্যাসের প্রয়োজন হয়, যার সরবরাহ বর্তমানে ২০ শতাংশ কমিয়ে দিয়েছে ভারত সরকার।

বোতলজাত পানি ও বিয়ার ছাড়াও প্লাস্টিক ও কাঁচের প্যাকেজিংয়ের ওপর নির্ভরশীল ওষুধ, প্রসাধনী এবং খাদ্য সরবরাহ খাতের ওপরও এই সংকটের প্রভাব পড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম আরও বাড়তে পারে।