ইরানের 'সামরিক সক্ষমতা' নিয়ে মার্কিন গোয়েন্দাদের চাঞ্চল্যকর তথ্য

এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলার পরও ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো অক্ষত রয়েছে। এছাড়া দেশটিতে এখনো বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্রের মজুতও রয়ে গেছে।

মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক মূল্যায়নের বরাতে তিনটি সূত্র সিএনএনকে এসব তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, ইরানের ড্রোন সক্ষমতার প্রায় ৫০ শতাংশ এখনো অটুট আছে। এর অর্থ হলো, তাদের হাতে এখনো হাজার হাজার ড্রোন রয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, এমন কিছু লঞ্চার রয়েছে, যেগুলো হয়তো হামলার কারণে মাটির নিচে চাপা পড়ে আছে কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি। ফলে এগুলো আপাতত ব্যবহারের অনুপযোগী হলেও সচল রয়েছে।

গোয়েন্দা তথ্য আরও বলছে, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ মিসাইলের একটি বড় অংশও অক্ষত আছে। যুক্তরাষ্ট্র ইরান উপকূলে খুব একটা বিমান হামলা না চালানোয় এগুলো রক্ষা পেয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মাধ্যমে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দাবি করেছিলেন যে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমেছে এবং তাদের অধিকাংশ অস্ত্র কারখানা ধ্বংস করা হয়েছে। তবে মার্কিন গোয়েন্দা তথ্যের এই নতুন চিত্র ট্রাম্প প্রশাসনের সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করছে।

সূত্র: সিএনএন