হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘের ভোটাভুটির আগে ইরানের কঠোর হুঁশিয়ারি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সুরক্ষায় ‘প্রতিরক্ষামূলক শক্তি’ ব্যবহারের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবিত ভোটাভুটির আগে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান সতর্ক করে বলেছে, এই ধরনের কোনো ‘উস্কানিমূলক পদক্ষেপ’ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

বাহরাইনের উত্থাপিত একটি খসড়া প্রস্তাবের ওপর শুক্রবার (৩ এপ্রিল) সকালে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ভোট হওয়ার কথা ছিল। তবে কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার ‘গুড ফ্রাইডে’র সরকারি ছুটি থাকায় ভোটাভুটির সময় পরিবর্তন করে স্থগিত করা হয়েছে। এই প্রস্তাবের মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে ইরানি হামলা থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করতে সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন নেওয়া।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে বলেন, “আক্রমণকারী এবং তাদের সমর্থকদের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ যেকোনো জায়গায় হরমুজ প্রণালি নিয়ে উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হলে তা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করবে।” তিনি আরও জানান, তেহরান এই ধরনের কোনো পদক্ষেপকে সহজভাবে নেবে না। দ্য গার্ডিয়ান