ইরানের আকাশসীমায় ভূপাতিত করা মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধারের দাবি করেছে মার্কিন বাহিনী। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার সকালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশের আকাশ দিয়ে উড়ে যাওয়া একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে।
অজ্ঞাত সূত্রের বরাতে অ্যাক্সিওস ও সিবিএস নিউজ জানিয়েছে, বিমানে থাকা দুই ক্রুর মধ্যে একজনকে ইতোমধ্যে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করেছে। তবে দ্বিতীয় ক্রুকে উদ্ধারে অনুসন্ধান অভিযান এখনও চলছে।
ভূপাতিত বিমানটি ছিল এফ-১৫ই মডেলের যুদ্ধবিমান, যেখানে সামনে একজন পাইলট এবং পেছনে একজন অস্ত্র-ব্যবস্থাপনা কর্মকর্তা দায়িত্ব পালন করেন। সিএনএন জানিয়েছে, ইরানি গণমাধ্যমে প্রকাশিত ধ্বংসাবশেষের ছবির বিশ্লেষণে এটি এফ-১৫ যুদ্ধবিমান বলেই ধারণা করা হচ্ছে, যদিও কিছু ইরানি সূত্র এটিকে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বলে দাবি করেছিল।
মার্কিন গণমাধ্যম আরও জানিয়েছে, এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।