১০ দফা প্রস্তাবে কী চেয়েছে ইরান?

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি মানে যুদ্ধ পুরোপুরি শেষ নয়।

ইরানের ১০ দফা পরিকল্পনার বিস্তারিত বিষয়গুলো আলোচনায় চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে বলে দেশটি স্পষ্ট করে দিয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি ১০ দফা পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছে।

প্রথম দফায় ইরান চাইছে, যুক্তরাষ্ট্র নিশ্চিত করুক যে ভবিষ্যতে আর কোনো আগ্রাসন চালানো হবে না। দ্বিতীয় দফায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই রাখতে হবে। তৃতীয় দফায় ইরানের পরমাণু সমৃদ্ধকরণের অধিকার মেনে নিতে হবে।

চতুর্থ ও পঞ্চম দফায় ইরানের ওপর আরোপিত সব প্রাথমিক ও দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করা হয়েছে। ষষ্ঠ দফায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইরানবিরোধী সব প্রস্তাব বাতিল করতে হবে। সপ্তম দফায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গভর্নর বোর্ডের ইরানবিরোধী সব প্রস্তাবও বাতিল করার দাবি তোলা হয়েছে।

অষ্টম দফায় যুদ্ধে ইরানের যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। নবম দফায় এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধ বাহিনী সরিয়ে নিতে হবে। দশম ও শেষ দফায় লেবাননসহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধ করতে হবে। সূত্র- জিনহুয়া