নিজেদের বিজয়ী দাবি করছে হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় দাবি করেছে এবং এটিকে দীর্ঘমেয়াদি শান্তির সম্ভাবনার সূচনা হিসেবে বর্ণনা করেছে। যদিও, এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়, যা প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের সামরিক বাহিনী বাস্তবে রূপান্তর করেছে।  

তিনি উল্লেখ করেন, ট্রাম্পের উদ্যোগেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব হয়েছে। 

তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই বলেছিলেন যে ‘অপারেশন এপিক ফিউরি’ ৪ থেকে ৬ সপ্তাহের একটি অভিযান হবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র মাত্র ৩৮ দিনেই তাদের মূল সামরিক লক্ষ্যগুলো অর্জন এবং এর চেয়েও বেশি সফলতা অর্জন করেছে।

লেভিট জানান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বুধবার সকালে এ বিষয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি আরও লেখেন, আমাদের সামরিক বাহিনীর এই সাফল্য একটি শক্তিশালী অবস্থান (লেভারেজ) তৈরি করেছে। ফলে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল কঠিন দরকষাকষির সুযোগ পেয়েছেন, যা এখন একটি কূটনৈতিক সমাধান এবং দীর্ঘমেয়াদি শান্তির পথ প্রশস্ত করেছে। 

অন্যদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা এই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কারণ তাদের মতে ‌‘যুদ্ধের প্রায় সব লক্ষ্য অর্জিত হয়েছে।’ একই সঙ্গে তারা ইসলামাবাদে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে, যাতে ‘মাঠের বিজয়কে রাজনৈতিক আলোচনার মাধ্যমে সুসংহত করা যায়।’