মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে হামলার শিকার একটি থাই পণ্যবাহী জাহাজের তিন নাবিকের মৃত্যু নিশ্চিত করেছে থাইল্যান্ড।
বুধবার (৮ এপ্রিল) থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেও এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর থেকে যাত্রা শুরু করেছিল থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘মায়ুরি নারি’। হরমুজ প্রণালি অতিক্রম করার সময় এটি ভয়াবহ হামলার শিকার হয়। হামলায় জাহাজটির পেছনের অংশে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং ইঞ্জিন রুমে আগুন ধরে যায়।
ঘটনার পরপরই ওমানের নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জাহাজটি থেকে ২০ জন থাই নাবিককে জীবিত উদ্ধার করে। তবে ইঞ্জিন রুমে আটকা পড়া বাকি তিন নাবিক নিখোঁজ ছিলেন। দীর্ঘ তল্লাশির পর তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী তাদের মৃত্যুর খবরটি আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। আত্মরক্ষার্থে তেহরান বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পথ ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দেয়। তা সত্ত্বেও এই পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো নিয়মিত হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
থাই পররাষ্ট্রমন্ত্রী ফিরে আসা ২০ জন নাবিককে উদ্ধারে সহায়তার জন্য ওমান কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সূত্র: গাল্ফ নিউজ।