যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি ছোট বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) এ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।
মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, মারানা শহরের মেয়র জন পোস্ট জানান, বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণহানি ঘটে।
শহরের মুখপাত্র ভিক হ্যাথাওয়ে বলেন, বিমানটিতে দুইজন আরোহী ছিলেন। তবে এখনও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এ ঘটনায় বিমান আরোহীর বাইরে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং অন্য কোনো বিমানও এতে ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে মারানা পুলিশ বিভাগ।
এদিকে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংস্থাটির মতে, বিধ্বস্ত বিমানটি ছিল একটি ‘পাইপার পিএ-৩২’ মডেলের।