যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে চীনের ৩ টেলিকম জায়ান্ট

চীনের ওপর প্রযুক্তিগত চাপ আরও বাড়াতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চীনের শীর্ষ তিনটি টেলিকম প্রতিষ্ঠান—চায়না মোবাইল, চায়না টেলিকম এবং চায়না ইউনিকম-এর কার্যক্রমের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি)।

এফসিসি জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে চীনের এই প্রধান তিনটি টেলিকম কোম্পানির ডেটা সেন্টার বা তথ্যকেন্দ্র পরিচালনার ওপর নিষেধাজ্ঞা দিতে পারে। একইসঙ্গে মার্কিন কোম্পানিগুলো যাতে এই চীনা ক্যারিয়ারগুলোর সাথে কোনো যোগাযোগ বা সংযোগ না রাখে, সেই প্রস্তাবও করা হয়েছে। সংস্থাটির মতে, এই কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হতে পারে।

শুধু তাই নয়, এফসিসি এমন একটি প্রস্তাব নিয়ে কাজ করছে যার ফলে হুয়াওয়ে এবং জেটিই- এর মতো কালোতালিকাভুক্ত কোম্পানির যন্ত্রপাতি যারা ব্যবহার করে, তাদের সাথেও মার্কিন টেলিকম প্রতিষ্ঠানগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। আগামী ৩০ এপ্রিল এ বিষয়ে প্রাথমিক ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

এফসিসি আরও প্রস্তাব করেছে যে, কোনো চীনা ল্যাবরেটরি থেকে পরীক্ষা করা স্মার্টফোন, ক্যামেরা বা কম্পিউটার যুক্তরাষ্ট্রে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। এছাড়া গত মাসেই চীন থেকে কনজিউমার রাউটার আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এর আগে চীনা ড্রোনের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছিল।

ওয়াশিংটনে নিযুক্ত চীন দূতাবাস এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্র ‘জাতীয় নিরাপত্তার’ দোহাই দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করছে এবং চীনা উদ্যোগগুলোকে অন্যায়ভাবে দমানোর চেষ্টা করছে। সূত্র: রয়টার্স