দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। ফলে কোনো ধরনের সমঝোতা ছাড়াই ইসলামাবাদ ছাড়ার পরিকল্পনা করছে মার্কিন প্রতিনিধি দল।
রোববার (১২ এপ্রিল) সকালে পাকিস্তানের ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের শর্তগুলো ইরানের কাছে স্পষ্টভাবে উপস্থাপন করেছে। কিন্তু ইরান সেই শর্তগুলোতে সম্মত না হওয়ায় কোনো সমঝোতা সম্ভব হয়নি।
বৈঠক ব্যর্থ হলেও এই আলোচনার আয়োজন ও মধ্যস্থতা করার জন্য তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের সরাসরি আলোচনার পরিবেশ তৈরিতে পাকিস্তান অসাধারণ ভূমিকা রেখেছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই দেশের বিপরীতমুখী অবস্থানের কারণে আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু শর্তে অনড় থাকলেও ইরান তাতে সায় দেয়নি।
ইসলামাবাদের এই ঐতিহাসিক শান্তি আলোচনা সফল না হওয়ায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।