মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি অব্যাহত রাখতে অস্ট্রেলিয়ার আহ্বান

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চপর্যায়ের আলোচনা কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই শেষ হওয়ায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। পরিস্থিতির অবনতি রোধে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি অব্যাহত রাখার জন্য উভয় পক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে দেশটি।

রোববার (১২ এপ্রিল) এক লাইভ আপডেট প্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেন, ইসলামাবাদ আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়াটা অত্যন্ত হতাশাজনক। তবে এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত বিদ্যমান যুদ্ধবিরতি বজায় রাখা এবং পুনরায় আলোচনার টেবিলে ফিরে আসা।

পেনি ওং আরও উল্লেখ করেন যে, আঞ্চলিক স্থিতিশীলতা এবং মানবিক সংকট এড়াতে কূটনৈতিক আলোচনার বিকল্প নেই। আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তত যুদ্ধবিরতি বজায় রাখা গেলে তা সাধারণ মানুষের জীবন ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠকেও ইরান ও যুক্তরাষ্ট্র কোনো অভিন্ন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, যা পুরো বিশ্বের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র: এএফপি