হাইতির ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে নিহত ৩০

হাইতির উত্তরাঞ্চলে অবস্থিত ঐতিহাসিক ‘লাফেরিয়ের সিটাডেল’ দুর্গে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

শনিবার (১১ এপ্রিল) ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে বার্ষিক উৎসব উদযাপন চলাকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

হাইতির নর্ড ডিপার্টমেন্টের সিভিল প্রোটেকশন প্রধান জঁ অরি পতি জানান, উনবিংশ শতাব্দীতে নির্মিত এই দুর্গে শনিবার শিক্ষার্থীসহ অসংখ্য দর্শনার্থীর ভিড় ছিলো। দুর্গের প্রবেশপথে প্রচণ্ড ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, বৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছিলো, যা উদ্ধারকাজেও বিঘ্ন ঘটায়।

হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিল এমে এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। উৎসবে অনেক তরুণ অংশ নিয়েছিলেন। তবে নিহতদের মধ্যে কতজন শিক্ষার্থী বা তরুণ রয়েছেন, সে বিষয়ে সরকারিভাবে এখনও সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।

দীর্ঘদিন ধরে চলা গ্যাং সহিংসতা এবং সাম্প্রতিক নানা প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয়ে বিপর্যস্ত হাইতির জন্য এটি আরও একটি বড় আঘাত। সূত্র: রয়টার্স