ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে ওমান। উত্তেজনা প্রশমনে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রাখতেই এ আহ্বান জানিয়েছে দেশটি।
রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি বলেন, যুদ্ধ শুরুর কয়েক ঘণ্টা আগে তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওই সাক্ষাৎ থেকে তার মনে হয়েছে, ভ্যান্স ও প্রেসিডেন্ট উভয়েই যুদ্ধ এড়িয়ে যাওয়ার বিষয়ে আন্তরিক ও দৃঢ় আগ্রহী ছিলেন।
তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলছি, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হোক এবং আলোচনা চালিয়ে যাওয়া হোক। সফলতার জন্য সবার কিছু কঠিন ছাড় দিতে হতে পারে, কিন্তু তা ব্যর্থতা ও যুদ্ধের যন্ত্রণার তুলনায় কিছুই নয়।’
মধ্যপ্রাচ্যের দেশ ওমান দীর্ঘদিন ধরেই ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর আগে পর্যন্ত দেশটি দুই পক্ষের মধ্যে সংলাপ চালিয়ে যাচ্ছিল।
বিশ্লেষকদের মতে, ওমানের এই আহ্বান কূটনৈতিক সমাধানের পথকে আবারও সামনে নিয়ে এসেছে, যদিও বাস্তবে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য এখনো বড় বাধা হয়ে রয়েছে। সূত্র: বিবিসি