মার্কিন চাপে ইরান সম্পৃক্ত ৮ তেলবাহী ট্যাঙ্কারের পথ পরিবর্তন

ইরানের বিরুদ্ধে চলমান কঠোর অবস্থানের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের জলসীমায় তৎপরতা বৃদ্ধি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার থেকে এ পর্যন্ত ইরানের বন্দরগুলোতে আসা-যাওয়া করা অন্তত আটটি তেলবাহী ট্যাঙ্কারকে পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করেছে মার্কিন নৌবাহিনী। 

বুধবার (১৫ এপ্রিল) সকালে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে জানা গেছে, মার্কিন নৌবাহিনীর সদস্যরা প্রতিটি ক্ষেত্রেই অত্যন্ত সতর্কতার সাথে অভিযান পরিচালনা করেছেন। মার্কিন রণতরী থেকে রেডিও বার্তার মাধ্যমে ওই জাহাজগুলোর নাবিকদের সাথে যোগাযোগ করা হয় এবং অবিলম্বে তাদের গতিপথ পরিবর্তন করে উল্টো দিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রতিটি জাহাজই মার্কিন নির্দেশ মেনে নিয়েছে এবং কোনো প্রকার বলপ্রয়োগ বা জাহাজে ওঠার প্রয়োজন হয়নি। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই ট্যাঙ্কারগুলো ফিরে গেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ও সংলগ্ন এলাকায় মার্কিন সেনাদের এই কঠোর অবস্থান ইরানের তেল রপ্তানি এবং আমদানির ওপর বড় ধরনের আঘাত। বিশেষ করে সম্প্রতি শান্তি আলোচনার সম্ভাবনা এবং অবরোধের চাপের মুখে এই পদক্ষেপটি তেহরানের ওপর ওয়াশিংটনের 'ইকোনমিক ফিউরি' বা অর্থনৈতিক রুদ্ররূপেরই বহিঃপ্রকাশ। হোয়াইট হাউজ স্পষ্ট করে দিয়েছে যে, যতক্ষণ পর্যন্ত ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে দীর্ঘমেয়াদী চুক্তিতে না আসছে, ততক্ষণ সমুদ্রপথে তাদের এই কড়াকড়ি বজায় থাকবে।