চীনের জ্বালানি ঘাটতি মেটাবে রাশিয়া: লাভরভ

ইরানি বন্দরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধের ফলে চীনে যে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে, তা মেটাতে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে রাশিয়া।

বুধবার (১৫ এপ্রিল) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, বেইজিংয়ের জ্বালানি সম্পদের যেকোনো ঘাটতি পূরণে মস্কো সব ধরনের সহযোগিতা করতে সক্ষম।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের লাভরভ বলেন, চীনসহ যে দেশগুলো রাশিয়ার সঙ্গে ন্যায্য ও পারস্পরিক লাভজনক ভিত্তিতে কাজ করতে আগ্রহী, তাদের জ্বালানি সম্পদের ঘাটতি পূরণে রাশিয়া নিঃসন্দেহে বড় ভূমিকা রাখতে পারে।

লাভরভ আরও উল্লেখ করেন যে, রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ক বর্তমানে যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। তিনি বলেন, "বিশ্বজুড়ে চলা অস্থিরতা ও ঝড়ের মুখেও আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রয়েছে।" প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংয়ের মধ্যকার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক এই প্রতিকূল পরিস্থিতিতেও দুই দেশকে স্থিতিশীল রাখতে সাহায্য করছে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, চীন হলো ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। কিন্তু সম্প্রতি ট্রাম্প প্রশাসনের দেওয়া সমুদ্রপথের অবরোধের কারণে ইরান থেকে তেল আমদানি করা চীনের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার এই প্রস্তাবকে ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে একদিকে যেমন চীনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হতে পারে, অন্যদিকে ওয়াশিংটনের অবরোধের কার্যকারিতাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সূত্র: আলজাজিরা