যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি হিজবুল্লাহর

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিনে ইসরায়েলি আর্টিলারি হামলা চলেছে। চলমান যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত আল-মানার টেলিভিশনে প্রচারিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি তাদের অবস্থান স্পষ্ট করেছে। বিবৃতিতে বলা হয়, 'মুজাহিদিনেরা (যোদ্ধারা) ট্রিগারে আঙুল রাখবেন। তারা শত্রুর (ইসরায়েল) যেকোনো ধরনের বিশ্বাসঘাতকতা ও প্রতারণা প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।'

এদিকে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ সূত্র জানিয়েছে, কোনো যুদ্ধবিরতি এমন হতে পারে না যেখানে ইসরায়েলি বাহিনী লেবাননে অবাধে চলাচল করতে পারে। এমন শর্ত গ্রহণযোগ্য নয় যা পরিস্থিতিকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়।

সংগঠনটির দাবি, লেবাননের ভূখণ্ডে বিদেশি সেনা থাকা অবস্থায় দেশটির জনগণের প্রতিরোধের অধিকার রয়েছে। অর্থাৎ দখলদার বাহিনী না সরা পর্যন্ত সব ধরনের উপায়ে প্রতিরোধ চালিয়ে যাওয়া বৈধ।

এর আগে গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, আমি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। তারা আনুষ্ঠানিকভাবে বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে ১০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছেন।

ট্রাম্প বলেন, গত মঙ্গলবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে এই দুই দেশ দীর্ঘ ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে বৈঠক করেন। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে নির্দেশ দিয়েছি, তারা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে মিলে ইসরায়েল ও লেবাননের মধ্যে স্থায়ী শান্তি অর্জনে কাজ করেন। সূত্র: গার্ডিয়ান