বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১ মাস শিথিল করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের সাথে চলমান উত্তজনা ও যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ওয়াশিংটন এই নমনীয় অবস্থান নিল। দ্য গার্ডিয়ান ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল শুক্রবার পর্যন্ত যেসব জাহাজে রুশ তেল ও জ্বালানি পণ্য তোলা হয়েছে, সেগুলো আগামী ১৬ মে পর্যন্ত কেনা যাবে। এর আগে গত ১১ এপ্রিল ৩০ দিনের একটি ছাড়ের মেয়াদ শেষ হয়েছিল; বর্তমান সিদ্ধান্তটি মূলত সেই মেয়াদেরই একটি বর্ধিত অংশ।
এদিকে এ ঘোষণার মাত্র দুদিন আগেই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা করেছিলেন যে, রুশ তেল কেনার ক্ষেত্রে ওয়াশিংটন আর কোনো ছাড় দেবে না। তবে বাজারের অস্থিরতা বিবেচনায় ট্রাম্প প্রশাসন শেষ মুহূর্তে নিজেদের অবস্থান পরিবর্তন করল।
রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ জানিয়েছেন, প্রথম দফার এই ছাড়ের ফলে প্রায় ১০ কোটি ব্যারেল রুশ অপরিশোধিত তেল বাজারে আসবে, যা বিশ্বের প্রায় এক দিনের মোট চাহিদার সমান।