মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে নিজের সামরিক শক্তি আরও বৃদ্ধি করতে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ (USS Gerald R. Ford) কে পুনরায় লোহিত সাগরে মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এই তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করা এই দানবীয় রণতরি সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরে প্রবেশ করেছে। এর সঙ্গে গানপাউডার ও মিসাইল সজ্জিত দুটি শক্তিশালী ডেস্ট্রয়ার ‘ইউএসএস মাহান’ এবং ‘ইউএসএস উইনস্টন এস চার্চিল’ রয়েছে। সামরিক নিরাপত্তার স্বার্থে কর্মকর্তারা এই অভিযানের বিস্তারিত সময়সূচী গোপন রেখেছেন।
উল্লেখ্য, গত এক মাসেরও বেশি সময় ধরে ‘জেরাল্ড ফোর্ড’ ভূমধ্যসাগরে মেরামতের জন্য অবস্থান করছিল। জাহাজের লন্ড্রিতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৬০০ নৌসেনার আবাসন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে এটি এখন পূর্ণ শক্তিতে রণক্ষেত্রে ফিরল। এই মোতায়েনের মাধ্যমে রণতরি ডি ভিয়েতনাম যুদ্ধের পর দীর্ঘতম সময় সমুদ্রে থাকার রেকর্ডও ভেঙেছে।
জেরাল্ড ফোর্ড পৌঁছানোর ফলে বর্তমানে মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি সক্রিয় রয়েছে। অন্যটি হলো আরব সাগরে অবস্থানরত ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। এখানেই শেষ নয়, দক্ষিণ আফ্রিকার উপকূল দিয়ে এ অঞ্চলের দিকে ধাবিত হচ্ছে যুক্তরাষ্ট্রের আরও একটি বিশাল রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’। অর্থাৎ খুব শীঘ্রই এই অঞ্চলে আমেরিকার তিনটি শক্তিশালী ক্যারিয়ার গ্রুপ অবস্থান করবে।
সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে লোহিত সাগর ও ওমান উপসাগরে নৌ-আধিপত্য বজায় রাখতেই ট্রাম্প প্রশাসন এই নজিরবিহীন শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে।
সূত্র: গালফ নিউজ ও এপি।