আন্তর্জাতিক জলসীমায় ইরানের সঙ্গে সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে শনিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
ইরান এই প্রণালিটি চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করলেও, নিজেদের বন্দরে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় আবার তা বন্ধ করে দেয়। এই পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক জলসীমায় ইরান-সম্পর্কিত জাহাজে তল্লাশি ও জব্দের প্রস্তুতির খবর সামনে আসে।
এর আগে, গত সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর গত সোমবার থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে। সূত্র: আল–জাজিরা