ইসরায়েলি দখলদার বাহিনীকে বিশ্বের সবচেয়ে ‘নিকৃষ্ট ও বিপথগামী’ সামরিক বাহিনী হিসেবে অভিহিত করেছেন ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রেঞ্চেসকা আলবানিজ। তিনি বলেছেন, এই বাহিনীর কর্মকাণ্ড সমস্ত নৈতিক ও আইনি সীমা লঙ্ঘন করেছে এবং তারা আন্তর্জাতিক আইনের প্রতি চরম অবমাননা প্রদর্শন করছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলি সেনাদের হাতে এক ফিলিস্তিনি শিশুকে নৃশংসভাবে নির্যাতনের একটি ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে। সেই ভিডিওর প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে আলবানিজ লেখেন, ‘পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে আমি পূর্ণ নিশ্চয়তার সঙ্গে বলছি- ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও বিপথগামী সেনাবাহিনী।’
গাজা উপত্যকায় ইসরায়েল কর্তৃক সংঘটিত অপরাধকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে জাতিসংঘে আনুষ্ঠানিক প্রতিবেদন পেশ করার পর থেকেই আলবানিজকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতা ও হুমকির মধ্যে দিন কাটাচ্ছেন। তবে কোনো ধরণের ভয়ভীতি তাঁকে সত্য বলা থেকে বিচ্যুত করতে পারবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জাতিসংঘের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ফিলিস্তিনিদের ওপর পদ্ধতিগত গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এর ফলে গাজা উপত্যকার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং অধিকাংশ হাসপাতাল অকেজো হয়ে পড়েছে। দীর্ঘ অবরোধের কারণে গাজার স্বাস্থ্য খাত পুরোপুরি ভেঙে পড়েছে।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত দেড় বছরের যুদ্ধে এ পর্যন্ত ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন এক লাখ ৭২ হাজারের বেশি মানুষ। ফ্রেঞ্চেসকা আলবানিজ মনে করেন, একটি সুশৃঙ্খল সেনাবাহিনী কখনো এভাবে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করতে পারে না।