রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-ডনে সার্কাস প্রদর্শনী চলাকালীন একটি বাঘ সরাসরি দর্শকদের গ্যালারিতে ঝাঁপিয়ে পড়ার এক ভয়াবহ ঘটনা ঘটেছে। হাড়হিম করা এই পরিস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলো ফৌজদারি তদন্ত শুরু করেছে।
রাশিয়ান সংবাদমাধ্যম ‘দ্য মস্কো টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রদর্শনী চলাকালীন রিংয়ের ভেতরে তিনটি বাঘ ও দুজন প্রশিক্ষক ছিলেন। হঠাৎ রিংয়ের চারপাশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে পড়লে একটি বাঘ লাফ দিয়ে দর্শকদের বসার জায়গায় ঢুকে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, বাঘটি দর্শকদের আসনের সারিগুলোর মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং আতঙ্কিত দর্শকরা প্রাণভয়ে ছোটাছুটি করছেন। বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে আসা পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি খারাপের দিকে গেলেও সার্কাসের লাউডস্পিকারে দর্শকদের শান্ত থাকার অনুরোধ জানানো হয়। ভিডিওতে দেখা যায়, একজন প্রশিক্ষক অসীম সাহসিকতায় বাঘটিকে দর্শকদের দিক থেকে সরিয়ে পেছনের খালি সারি দিয়ে বেরোনোর পথের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত প্রশিক্ষকরা বাঘটিকে একটি নিরাপদ কন্টেইনারে ঢোকাতে সক্ষম হন। স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এত বড় ঘটনার পরও সৌভাগ্যবশত কোনো দর্শক আহত হননি।
রাশিয়ার শীর্ষ তদন্তকারী সংস্থা ‘ইনভেস্টিগেটিভ কমিটি’ সোমবার (২০ এপ্রিল) জানিয়েছে, সার্কাস প্রদর্শনীতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং জনসাধারণের জীবন ঝুঁকিতে ফেলায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: দ্য মস্কো টাইমস