হরমুজ প্রণালিতে কন্টেইনার জাহাজে আইআরজিসির গোলাবর্ষণ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এর নৌ ইউনিট হরমুজ প্রণালিতে একটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ এই জলপথে।

ব্রিটিশ সামরিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স জানায়, বুধবার (২২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় কনটেইনার জাহাজটি হামলার মুখে পড়ে। তাদের তথ্য অনুযায়ী, একটি গানবোট কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই সরাসরি জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।

হামলায় জাহাজটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। সংস্থাটি নিশ্চিত করেছে, ঘটনায় কোনো নাবিক আহত হননি এবং পরিবেশগত ক্ষতিরও কোনো প্রমাণ মেলেনি।

ঘটনার পরপরই আন্তর্জাতিক শিপিং নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ শুরু করে। তবে এখন পর্যন্ত ইরান সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা দায় স্বীকার করেনি। সূত্র: এপি