মধ্যপ্রাচ্যে চলমান ইরান সংঘাতের জেরে বিশ্বজুড়ে আকাশচুম্বী হয়েছে জেট জ্বালানির দাম। এই পরিস্থিতি মোকাবিলা এবং ব্যয় কমাতে চলতি গ্রীষ্মকালীন সূচি থেকে প্রায় ২০ হাজার ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে জার্মানির শীর্ষ বিমান সংস্থা লুফথানসা (Lufthansa)।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে।
লুফথানসা জানিয়েছে, আগামী অক্টোবর পর্যন্ত এই ফ্লাইট কাটছাঁট কার্যকর থাকবে। মূলত ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ থেকে পরিচালিত অলাভজনক স্বল্প দূরত্বের রুটগুলোই এই তালিকার শীর্ষে রয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রতিদিন গড়ে ১২০টি ফ্লাইট কমবে। সংস্থাটির দাবি, এই প্রক্রিয়ায় প্রায় ৪০ হাজার মেট্রিক টন জেট জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে, যা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অত্যন্ত জরুরি।
বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হলেও লুফথানসার দাবি, তাদের মোট আসন সক্ষমতায় এর প্রভাব পড়বে মাত্র এক শতাংশের কম। ইতোমধ্যে মে মাসের শেষ পর্যন্ত বাতিলের প্রথম ধাপ বাস্তবায়ন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের আগেভাগেই বিষয়টি অবহিত করা হয়েছে।
বর্তমান সূচি থেকে সাময়িকভাবে তিনটি গন্তব্য পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এগুলো হলো নরওয়ের স্টাভেঙ্গার এবং পোল্যান্ডের বিদগশ্চ ও রেজশোভ। তবে ইউরোপীয় নেটওয়ার্ক সচল রাখতে জুরিখ, ভিয়েনা ও ব্রাসেলস হাবগুলোর মাধ্যমে কিছু কানেক্টিং ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করছে গ্রুপটি।
জ্বালানি তেলের দামের এই অস্থিরতা সামাল দিতে লুফথানসা বর্তমানে ‘ফুয়েল হেজিং’ বা মূল্য ঝুঁকি নিয়ন্ত্রণ কৌশলের ওপর জোর দিচ্ছে। এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে তারা সংশোধিত রুট পরিকল্পনা প্রকাশ করবে। দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক ফ্লাইটগুলো যথাসম্ভব অপরিবর্তিত রেখে নেটওয়ার্ককে আরও দক্ষ করে তোলাই এখন তাদের প্রধান লক্ষ্য।
সূত্র: ইউএনএন