মধ্যপ্রাচ্যের পথে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। রণতরীটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে। সেন্ট্রাল কমান্ড এই তথ্য জানিয়েছে।

সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রণতরীর একটি ছবি শেয়ার করেছে। এতে দেখা যায়, নিমিটজ শ্রেণির এই সুপারক্যারিয়ারটি ভারত মহাসাগরে চলাচল করছে।

মধ্যপ্রাচ্যে আগে থেকে থাকা মার্কিন জাহাজগুলোর সঙ্গে এই রণতরীটি যোগ দেবে, নাকি কোনো একটি জাহাজের পরিবর্তে আসছে তা এখনো স্পষ্ট নয়। যদিও কিছু গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

এর আগে সেন্টকম জানায়, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বর্তমানে লোহিত সাগরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের অধীনে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে।

সূত্র: বিবিসি