দীর্ঘ বিরতির পর অবশেষে পুনরায় সচল হচ্ছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। আগামী রোববার (২৬ এপ্রিল) থেকে দেশটির দুটি প্রধান এয়ারলাইনস কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজ তাদের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করবে।
কুয়েত সরকারের যোগাযোগ কেন্দ্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে এক ডজনেরও বেশি আন্তর্জাতিক গন্তব্যের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে এই দুই এয়ারলাইনস তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে।
এর আগে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে বিমানবন্দরটি খুলে দেওয়ার ঘোষণা দেয়। উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে কুয়েতে সব ধরনের বাণিজ্যিক বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
প্রায় দুই মাস পর বিমানবন্দরটি পুনরায় চালু করার এই সিদ্ধান্তকে দেশটির অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার স্বাভাবিকীকরণের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই ঘোষণার ফলে দেশটিতে আটকে পড়া প্রবাসী এবং ভ্রমণের অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সূত্র: আল-জাজিরা