ইরানের বিরুদ্ধে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে দেশটিকে ধ্বংস করে দেওয়ার মতো কঠোর ও ভয়ানক হামলার হুমকি দিলেও, এবার সেই অবস্থান থেকে সরে আসার স্পষ্ট ইঙ্গিত দিলেন তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্র ব্যবহার করা উচিত নয়।’ তিনি অত্যন্ত জোরালোভাবে বলেন যে, বিশ্বজুড়ে যাতে কেউ কোনোভাবে এই বিধ্বংসী অস্ত্র ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত।
উল্লেখ্য যে, এর আগে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন প্রয়োজনে ইরানি সভ্যতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। তার সেই যুদ্ধংদেহী মন্তব্যের পর বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। তবে বৃহস্পতিবারের এই নতুন মন্তব্য তার আগের কঠোর অবস্থান থেকে নমনীয় হওয়ার এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের একটি বড় সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সূত্র: মিডল ইস্ট আই