নেতানিয়াহুকে ঘিরে কড়া বার্তা, আইসিসির নির্দেশ মানবে হাঙ্গেরি

আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে হাঙ্গেরিতে পা রাখলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির হবু প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার। তিনি স্পষ্ট করেছেন, তার সরকার আইসিসির বাধ্যবাধকতা মেনে চলবে এবং রাষ্ট্রপ্রধান হলেও আইনের ঊর্ধ্বে কেউ নন।

হাঙ্গেরির সাম্প্রতিক নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর ভিক্টর অরবানের ১৬ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়েছেন পিটার ম্যাগিয়ার। বিদায়ী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এর আগে ঘোষণা দিয়েছিলেন যে, নেতানিয়াহুকে সুরক্ষা দিতে হাঙ্গেরি আইসিসি থেকে বেরিয়ে যাবে। তবে হবু প্রধানমন্ত্রী ম্যাগিয়ার সেই সিদ্ধান্ত বাতিল করার ঘোষণা দিয়েছেন।

বুদাপেস্টে এক সংবাদ ব্রিফিংয়ে ম্যাগিয়ার বলেন, ‘আমি আমার অবস্থান নেতানিয়াহুকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। হাঙ্গেরি আইসিসির সদস্য হিসেবে থাকবে। আমাদের ভূখণ্ডে যদি এমন কেউ প্রবেশ করেন যার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তবে তাকে অবশ্যই গ্রেপ্তার হতে হবে।’

উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সাল থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। বিদায়ী প্রধানমন্ত্রী অরবানের আমন্ত্রণে চলতি বছরের শেষ দিকে হাঙ্গেরি সফরের কথা ছিল নেতানিয়াহুর। তবে ম্যাগিয়ারের এই কঠোর হুঁশিয়ারির পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর বুদাপেস্ট সফর এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এর মধ্য দিয়ে হাঙ্গেরির পররাষ্ট্রনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলল।

সূত্র: আল-জাজিরা