বিশ্ববাজারে ফের কমলো সোনার দাম

আন্তর্জাতিক বাজারে আরও কমেছে সোনার দাম। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে তেলের উচ্চমূল্য, বিশ্বজুড়ে মূল্যস্ফীতির আশঙ্কা এবং দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার শঙ্কায় সোনার বাজারে বড় ধরনের নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়া এই দরপতনের পেছনে বড় প্রভাবক হিসেবে কাজ করছে।

শুক্রবার (২৪ এপ্রিল) গ্রিনিচ মান সময় ভোর ৪টা ২৬ মিনিটের তথ্য অনুযায়ী, স্পট গোল্ড বা আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক সোনার দাম আউন্সপ্রতি ০.৭ শতাংশ কমেছে। বর্তমানে প্রতি আউন্স সোনার মূল্য ৪,৬৬১.৩৩ ডলারে নেমে এসেছে। গত চার সপ্তাহ ধরে টানা বৃদ্ধির পর চলতি সপ্তাহে সোনার দাম প্রায় ৩.৫ শতাংশ হ্রাস পেয়েছে।

অন্যদিকে, জুন মাসে সরবরাহ করা যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার্স বা আগাম দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬৭৬.৫০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষক কেলভিন ওংয়ের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দীর্ঘমেয়াদে বন্ধ থাকার ঝুঁকি যতদিন থাকবে, ততদিন তেলের দাম উচ্চ পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে। আর তেলের এই বাড়তি দাম পরোক্ষভাবে সোনার বাজারে নেতিবাচক চাপ সৃষ্টি করছে।

কেলভিন ওং আরও জানান, সোনার দাম বর্তমানে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করছে। যার সর্বোচ্চ সীমা ৪,৯০০ ডলার এবং সর্বনিম্ন ৪,৬৪৫ ডলারের আশেপাশে। তার মতে, মধ্যপ্রাচ্যের আসন্ন ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপরই এখন সোনার বাজারের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নির্ভর করছে।

সূএ: রয়টার্স।