ইসলামাবাদে আরাঘচি-শেহবাজের হাই-ভোল্টেজ বৈঠক 

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিরসন এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এক কূটনৈতিক সফরে এখন পাকিস্তানে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সফরের অংশ হিসেবে আজ ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন তিনি। এই বৈঠকে পাকিস্তান ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি গাজা ও লেবাননের যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় ও ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (IRNA) জানিয়েছে, বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ইসরায়েলি আগ্রাসন বন্ধে এবং একটি টেকসই যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে দুই পক্ষ দীর্ঘ আলোচনা করেছে। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি পাকিস্তানের অব্যাহত সমর্থনের জন্য শেহবাজ শরীফকে ধন্যবাদ জানান আরাঘচি। বিশেষ করে লেবাননের যুদ্ধবিরতি বাস্তবায়নে পাকিস্তানের বিশেষ প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

এই সফরের একটি উল্লেখযোগ্য দিক হলো পর্দার আড়ালের কূটনীতি। গত এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা ম্যারাথন আলোচনা স্থবির হয়ে পড়ার পর, ইসলামাবাদ এখন দ্বিতীয় দফার মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। এ লক্ষ্যেই শুক্রবার (২৪ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছানোর পর থেকে আরাঘচি পাক নেতৃত্বের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাতের আগে আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে জেনারেল মুনিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন আরাঘচি। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আরাঘচি জানান, যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ক্ষেত্রে পাকিস্তানের এই ‘মূল্যবান প্রচেষ্টা’ অঞ্চলের স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হবে। সূত্র: সিএনএন