হোয়াইট হাউজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ঘটে যাওয়া নজিরবিহীন সহিংসতায় তিনি ‘স্তম্ভিত’ বলে জানিয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ এই তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ওয়াশিংটন ডিসির ডিনার অনুষ্ঠানে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় তিনি চরমভাবে মর্মাহত। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নিরাপদ ও অক্ষত আছেন জেনে তিনি গভীর স্বস্তি প্রকাশ করেন।
নেতানিয়াহু এই হামলায় আহত পুলিশ কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি, অত্যন্ত দ্রুততার সঙ্গে কার্যকর পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় এবং প্রেসিডেন্টকে সুরক্ষা দেওয়ায় মার্কিন সিক্রেট সার্ভিসের ভূয়সী প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য, গত রাতে ওয়াশিংটন ডিসির বিখ্যাত ‘ওয়াশিংটন হিলটন’ হোটেলে হোয়াইট হাউজ করেসপনডেন্টস ডিনারের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে হোটেলের নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশের চেষ্টা করেন এক আততায়ী। এসময় বাধা দিলে গোলাগুলির ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে হামলাকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন (৪০), যিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি তদন্ত করে দেখছে। যদিও ট্রাম্পই এই হামলার মূল লক্ষ্য ছিলেন কি না, সে বিষয়ে মার্কিন কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।