হরমুজ প্রণালি বন্ধ

সার সংকটে থমকে যেতে পারে বৈশ্বিক কৃষি ও খাদ্য নিরাপত্তা

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে সার সরবরাহে চরম বিপর্যয় নেমে এসেছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের প্রজেক্ট সার্ভিসেস অফিস (UNOPS)।

রোববার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বিশ্বের বড় অংশের জ্বালানি তেল ও গ্যাসের পাশাপাশি সার তৈরির প্রয়োজনীয় কাঁচামাল এই পথ দিয়েই পরিবাহিত হয়। পথটি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে সারের দাম এখন রেকর্ড উচ্চতায়।

সংস্থাটির নির্বাহী পরিচালক জর্জ মোরেইরা দা সিলভা জানিয়েছেন, এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী কৃষি উৎপাদন বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

সারের সংকটে খাদ্য উৎপাদন কমে গেলে বিশ্বজুড়ে খাদ্য সংকট তীব্র হতে পারে, যা লাখো মানুষকে ক্ষুধা ও দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কৃষিনির্ভর উন্নয়নশীল ও নিম্ন-আয়ের দেশগুলো। সারের উচ্চমূল্য সরাসরি এসব দেশের খাদ্য নিরাপত্তার ওপর আঘাত হানছে।

 এক ভয়াবহ মানবিক বিপর্যয় এড়াতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দ্রুত কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।