রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার লক্ষ্যে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, আরাগচি বহনকারী উড়োজাহাজটির কলসাইন ছিল ‘মিনাব ১৬৮’। গত ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত শিশুদের স্মরণে এই বিশেষ কলসাইনটি ব্যবহার করা হয়।

সেন্ট পিটার্সবার্গে অবস্থানকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গত ২৪ ঘণ্টায় একের পর এক দেশ সফর করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইরানের একটি বড় কূটনৈতিক পরিকল্পনার অংশ। সফর শুরু হয়েছে ইসলামাবাদ থেকে। তারপর তিনি গেছেন মাস্কাটে। এরপর আবার ইসলামাবাদে ফিরেছেন। এরপর তিনি সেন্ট পিটার্সবার্গে পৌঁছালেন।

এই সফরগুলোর মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। তারা এই অঞ্চলে নিজেদের উপস্থিতি আরও শক্ত করতে চাইছে। পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়াতে চাইছে।