লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি এবং সীমান্ত সংলগ্ন এলাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির মুখে বড় ধরনের একটি ধর্মীয় উৎসব বাতিলের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
উত্তর ইসরায়েলের মাউন্ট মেরনে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী ‘লাগ বি’ওমার’ উৎসবের মূল আয়োজনটি এ বছর আর হচ্ছে না। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যাবিনেট সেক্রেটারি ইয়োসি ফুকস স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, দ্বিতীয় শতাব্দীর ঋষি রাব্বি শিমন বেন ইয়োচাই-এর সম্মানে প্রতি বছর এই ‘হিলুলা’ উৎসবটি মহাসমারোহে পালিত হয়। সাধারণত কয়েক লাখ আল্ট্রা-অর্থোডক্স ইহুদি পুরুষ এই ধর্মীয় অনুষ্ঠানে সমবেত হন। তবে এ বছর রকেট হামলার আশঙ্কা এবং যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা থাকায় বড় জমায়েতের অনুমতি দেওয়া হচ্ছে না। এর পরিবর্তে অত্যন্ত সীমিত পরিসরে এবং প্রতীকীভাবে এই উৎসব পালন করা হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, লেবানন সীমান্ত সংলগ্ন এই এলাকায় বর্তমান পরিস্থিতিতে জননিরাপত্তা বজায় রাখা কঠিন। বিশেষ করে কোনো জরুরি অবস্থায় বিপুল সংখ্যক মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে জটিলতা থাকায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছে প্রশাসন। মূলত সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তার স্বার্থেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।