যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কার্যকর চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ইরান বর্তমানে যথেষ্ট আন্তরিক বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে
তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, যেকোনো সমঝোতার ক্ষেত্রে ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সম্প্রতি ফক্স নিউজ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের বর্তমান অবস্থান ও সংকট নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমার মনে হয় ইরান এখন যে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তা থেকে বেরিয়ে আসার বিষয়ে তারা যথেষ্ট আন্তরিক।’
রুবিও ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও অর্থনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, দেশটির অর্থনীতি বর্তমানে চরম বিপর্যয়ের মুখে। উচ্চ মূল্যস্ফীতি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। এর ওপর দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশটিকে আরও কোণঠাসা করে ফেলেছে।
রুবিওর মতে, সংঘাত শুরুর আগে ইরানের যেসব সমস্যা ছিল, বর্তমানে সেগুলো আরও প্রকট আকার ধারণ করেছে।
চুক্তির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একটি শর্তের কথা স্পষ্টভাবে মনে করিয়ে দেন। তিনি বলেন, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, যেকোনো চুক্তির ফলে ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির দিকে দ্রুত এগিয়ে যেতে না পারে।